বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে: এনটিভি আরটিভির সম্প্রচার বন্ধ

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভবনটিতে এনটিভি, আরটিভি, আমার দেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এনটিভি, আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে।
আলী আহমেদ খান জানান, দমকল বাহিনীর ২০টি ইউনিটের ১০০ ফায়ার ফাইটার সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত। ওই তলাতেই আমার দেশ পত্রিকার কার্যালয় রয়েছে। তবে তাৎক্ষণিক ভবনটিতে আগুন লাগার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করলেও বেলা ২টার দিকে ভবনটিতে ধোঁয়া লক্ষ্য করা যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে দমকল বাহিনীর সদস্যরা ভবনটির ১১ তলা ভবন আমার দেশ কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা নিরুপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিসের ণিয়ন্ত্রণ কক্ষ জানায়। এছাড়া এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে দমকল সূত্র।
শুক্রবার ছুটির দিন হওয়ায় গণমাধ্যমগুলো ছাড়া ভবনটির অন্যান্য তলায় উপস্থিতি ছিল কম। আগুন লাগার তাৎক্ষণিক সংবাদে ভবনগুলোতে থাকা লোকজন নিচে নেমে আসে।
অপরদিকে আগুন লাগার পর পর এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
একটি সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা আমার দেশ পত্রিকা অফিসটি আজ শুক্রবার স্থানান্তরের কথা ছিল এবং স্থানান্তরের কাজও চলছিল। তবে এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষের কারো বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি একই ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।

Comments