সর্বোচ্চ ৮০ হাজার আর সর্বনিম্ন ৮ হাজার টাকা বেতন নির্ধারণ করে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিশন। কমিটি গঠনের এক বছর পর কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। কমিশন বেতন গ্রেড কমানোরও সুপারিশ করেছে।
গত বছরের নভেম্বরে সাবেক গভর্ণর ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের পে এন্ড সার্ভিসেস কমিশন গঠন করে সরকার। এক বছর পর কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে।
এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের বেতন ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। সিনিয়র সচিবদের ৯০ হাজার ও সচিবদের ৮০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮ হাজার ২শ টাকা। বেতনের গ্রেড কমিয়ে ২০টির পরিবর্তে করা হয়েছে ১৬টি।
সুপারিশ করা হয়েছে সরকারি চাকুরিতে যোগদানের শুরুতে একটি স্থিতি ভাতার। চাকুরির শুরুতেই সেই ভাতা দিয়ে তারা প্রাথমিক প্রয়োজন মেটাবেন। যে তারিখেই চাকুরিতে যোগদান করা হোক না কেন, প্রতি বছরের পহেলা জুলাই ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশও রয়েছে। লোকসানি প্রতিষ্ঠান লাভজনক করা, অন্যথায় বেসরকারিকরণের সুপারিশ করছে বেতন কমিশন।
পলিসি রিসার্চ ইন্সটিটিউট নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলছেন, বেতন বাড়লেও যেসব সরকারি কর্মকর্তার দুর্নীতির অভ্যাস আছে, তা থেকে সরে আসার সম্ভাবনা কম।
বেতন বাড়াতে গিয়ে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদ মনসুর।
সরকার পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে তা আগামী জুলাই থেকে কার্যকর হবে।

Comments
Post a Comment