বিশ্বের সেরা সুন্দরী যা বললেন, ‘আমি জানি, বাংলাদেশ ক্রিকেট খেলে’।

ক্যামেরা ফ্লাশের ঝলকানি আর তাক করা টেলিভিশন ক্যামেরার ফাঁক গলে বিশ্বসুন্দরীর কাছে ভিড়তে অপেক্ষা করতে হলো অনেকক্ষণ। কাছে যাওয়ার সুযোগ মিলতেই বিশ্বসুন্দরীকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানালাম। বাংলাদেশের কথা বলতেই রোলিন হাসিমুখে বললেন, ‘ওয়াও। ইয়েস, আই নো ইউ (বাংলাদেশ) প্লে ক্রিকেট!’ রোলিন বাংলাদেশকে জানেন আমরা ক্রিকেট খেলি বলে! কী চমৎকার!
বিশ্বের সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন কয়েক মুহূর্ত আগে। সেই সময়ে তাঁর কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে এতটুকু প্রশংসা তো কম কিছু নয়!
মিস ওয়ার্ল্ড ২০১৪ এর নাম ঘোষণার পর মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান জুলিয়ান মুলি বললেন, ‘৬৩ বছর পর আবারও লন্ডনে ফিরে এসেছে মিস ওয়ার্ল্ড ফাইনাল। নতুন মিস ওয়ার্ল্ড রোলিন স্ট্রস শিগগির বিভিন্ন দেশে তার সফর শুরু করবেন। তিনি নানা দেশে দাতব্য কাজে সহযোগিতা করবেন। শারীরিক সৌন্দর্যের সঙ্গে মনের সৌন্দর্যের উন্নয়ন আমাদের আয়োজনকে সার্থক করে তোলে।’
চার ঘণ্টা সময় কোন ফাঁকে উড়ে গেল, টেরই পেলাম না। প্রিন্স রিজেন্টস স্টেশনে তখন পা ফেলার জায়গা নেই। লোকে লোকারণ্য। ট্রেনের অপেক্ষা করি আমি আর সামি। মাথায় তখনো ঘুরছে মিস ওয়ার্ল্ডের কথা ‘ওয়াও। ইয়েস, আই নো ইউ প্লে ক্রিকেট!’ সুত্র: প্রথমআলো।

Comments