শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩: গণতন্ত্র দল রাজনীতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি রাজনীতি। দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ড আধুনিক ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে দল দুটির রাজনৈতিক আচরণ এ পর্যন্ত অর্জিত গণতানি্ত্রক প্রক্রিয়ার জন্য ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
দেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের দ্বৈত আচরণ দ্বারা দলতন্ত্র রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত করছে। এমনই মনে করেন দেশের রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, এ অবস্থা থেকে বের হতে এখনই প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করতে হবে। একই সঙ্গে তারা অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটাতে হবে বলে জানান।
প্রতিবেদনে রাষ্ট্র, জনগণ, গণতন্ত্র, রাজনীতি, দল, ক্ষমতা, সংবিধান, বাক স্বাধীনতা, সহিংসতা, রাজনৈতিক দলের অর্থায়ন, মনোনয়ন পদ্ধতি, প্রতিনিধিত্ব, প্রভাব, কমিটি কার্যক্রম, রাজনেতিক দলের নিয়ন্ত্রণ, সংসদীয় প্রতিনিধিত্বসহ আরও বেশ কিছু বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে।
এছাড়া প্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ প্রকট বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলোর বিবাদে দেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
তবে শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না একথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। রাজনীতির মধ্য দিয়েই আমাদের ঐক্যে আসতে হবে। সব বিষয়ে ঐক্য না হলেও সংবিধানের মৌলিকতায় আমাদের ঐক্য থাকতে হবে।'
রাজনৈতিক উন্নয়নে দলগুলোর মধ্যে সংলাপের ওপর জোর দেন ড. কামাল। তিনি বলেন, 'কেবল আওয়ামী লীগ-বিএনপি নয়, সংলাপ হতে হবে ছোটো-বড় সব দলের মধ্যে। তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিৎ।'
সংলাপের জন্য বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগের শর্ত দেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, 'মুক্তিযুদ্ধ, সংবিধান মেনেই সংলাপ করতে হবে। স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের মধ্যে কোনো সংলাপ হতে পারে না।'
বঙ্গবন্ধুকে 'রাজাকার' বলার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, 'কেউ এ পর্যায়ে নেমে গেলে সংলাপের পরিবেশ থাকে না। তাই সংলাপ হওয়ার আগে সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে।'
ব্র্যাকের প্রতিবেদনে বিগত ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হয়।
এছাড়া প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রহীনতার বিষয়টিও প্রকটভাবে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক শীর্ষ নেতৃত্বে এককনায়কত্ব বিকাশ হচ্ছে বলেও তথ্য দেওয়া হয়।
এ তথ্যকে স্বীকার করে সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, 'দলের ভেতর গণতন্ত্রের পাশাপাশি দেশে একটি প্রতিনিধিত্বমূলক সরকারও থাকতে হবে।'
ড. বিনায়ক সেন বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়নকে ছাপিয়ে গেলে সমাজে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। অদক্ষ শ্রমিকরা যখন অর্থনীতির ধারক হন তখন তারা গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারেন না। মধ্যবিত্ত শ্রেণি সুবিধাভোগী বলেই জাতীয় বিভিন্ন সংকটে তারা নিশ্চুপ থাকে। আর এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা থেকে উত্তরণ ও সহিংসতা বন্ধে আওয়ামী লীগকে সংলাপে বসার ও বিএনপিকে জামায়াত ত্যাগের আহ্বান জানান বিনায়ক সেন।

Comments
Post a Comment